মিয়ানমারের রাখাইন রাজ্যে একটি বাজারের কাছে দেশটির সরকারি বাহিনীর বিমান হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩৬ জন। সোমবার রাজ্যের কিয়াউকতাও শহরে এই হামলা চালানো হয়। বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ও স্থানীয় এক ত্রাণকর্মী এই তথ্য জানিয়েছেন। কিয়াউকতাও শহরটি যুদ্ধের এলাকা থেকে বেশ দূরে এবং সংঘাতের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন ত্রাণকর্মী ওয়াই হুন অং।
২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে অস্থিরতা চলছে এবং দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয়েছে। আরাকান আর্মিসহ বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠী সরকারি বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে। এটি রাখাইন রাজ্যে সাম্প্রতিক সময়ের অন্যতম প্রাণঘাতী বিমান হামলা বলে জানা গেছে।





