চীনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডেভিড পারডিউ জানিয়েছেন, গত সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে আসা চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কাছে অস্ত্র বিক্রির প্রস্তাব দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তবে মার্কিন আইনে চীনে অস্ত্র বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। বিষয়টি স্পষ্ট করে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, আইন অনুযায়ী চীনের কাছে অস্ত্র বিক্রির কোনো সুযোগ নেই এবং এমন কোনো প্রস্তাব বা পরিকল্পনাও যুক্তরাষ্ট্রের নেই। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে রাষ্ট্রদূত পারডিউ বলেছিলেন, প্রেসিডেন্ট ট্রাম্প প্রায়ই বলেন যে, যুক্তরাষ্ট্র সারা বিশ্বের নানা দেশের কাছে অস্ত্র বিক্রি করে। তিনি মূলত সেই প্রসঙ্গ ধরেই একপর্যায়ে চীনের প্রেসিডেন্ট শি-কে জিজ্ঞেস করেছিলেন যে, চীনও কিছু অস্ত্র কিনতে চায় কি না।
তাইওয়ানে ১ হাজার ৪০০ কোটি ডলারের মার্কিন অস্ত্র বিক্রির প্রক্রিয়াটি দীর্ঘদিন ধরে ডনাল্ড ট্রাম্পের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় আটকে রয়েছে। এ নিয়ে আলোচনা চলার মাঝেই চীনা প্রেসিডেন্টের কাছে অস্ত্র বেচার এই অপ্রত্যাশিত প্রস্তাবের খবর সামনে এল। তাইওয়ানে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির বিষয়টি ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে দীর্ঘদিন ধরেই কন্টকাকীর্ণ বিষয় হয়ে আছে। চীন তাইওয়ানকে তাদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে এবং সেখানে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির বিরোধী। তবে যুক্তরাষ্ট্র আইনি বাধ্যবাধকতার কারণে তাইওয়ানকে আত্মরক্ষার জন্য অস্ত্র সরবরাহ করতে বাধ্য।




