যুক্তরাষ্ট্রে অভিবাসন প্রক্রিয়াকে আরও কঠোর করেছে ট্রাম্প প্রশাসন। জালিয়াতি বন্ধ ও আমেরিকানদের চাকরি রক্ষার অজুহাতে মাইক্রোসফট, অ্যাডোবির মতো বড় আইটি কোম্পানিগুলোর গ্রিন কার্ড প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। একই সঙ্গে, ভিসার অপব্যবহারের অভিযোগে হার্ভার্ড, স্ট্যানফোর্ডসহ নয়টি বিশ্ববিদ্যালয়ে তদন্ত শুরু হয়েছে।
এই পদক্ষেপে বিদেশি প্রযুক্তি কর্মীদের যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের পথ রুদ্ধ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স অভিযোগ করেছেন, মাইক্রোসফট গত বছর ৬ হাজার আমেরিকান কর্মীকে ছাঁটাই করলেও ৬ হাজার ৩০০টি এইচ-১বি ভিসা এবং প্রায় ৩ হাজার গ্রিন কার্ডের সুযোগ নিয়েছে।





