পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ৫০০টিরও বেশি মেয়ে নিখোঁজ হওয়ার মামলা অমীমাংসিত অবস্থায় রয়েছে বলে লাহোর হাইকোর্টকে জানিয়েছেন প্রাদেশিক পুলিশ প্রধান (আইজিপি) রাও আব্দুল করিম। ফয়সালাবাদের বাসিন্দা সাদিয়া হুসাইনের দায়ের করা এক রিট আবেদনের শুনানিতে এই তথ্য সামনে আসে। আদালত জানতে চায়, নারী ও শিশু সম্পর্কিত মামলা সামলাতে পুলিশের সুনির্দিষ্ট কোনো কার্যকর ব্যবস্থা আছে কি না। জবাবে আইজিপি জানান, বিশেষ কমিটি গঠন করা হয়েছে।
প্রধান বিচারপতি ক্ষোভ প্রকাশ করে বলেন, আদালত নজর দিলেই পুলিশ সক্রিয় হয়। দুই বছর ধরে নিখোঁজ এক মেয়েকে আদালতের হস্তক্ষেপে উদ্ধার করা হয়েছে। তিনি পুলিশের অবহেলা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং নিখোঁজ মেয়েদের উদ্ধারে পুলিশের পদক্ষেপ ও অগ্রগতি নিয়ে বিস্তারিত প্রতিবেদন জমা দিতে আইজিপি-কে নির্দেশ দেন।






