বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এক অনির্ধারিত সফরে দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (৬ অক্টোবর) দিল্লিতে স্থানীয় সময় বেলা একটা নাগাদ এই বৈঠক অনুষ্ঠিত হয়। কূটনৈতিক সূত্রগুলো আভাস দিয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর এবং দ্বিপাক্ষিক আরও নানা ইস্যু নিয়ে ঢাকার বর্তমান মনোভাব ঠিক কী, সেই বার্তা পৌঁছে দিতেই তার দিল্লিতে আসা।
এর আগে সোমবার (৫ অক্টোবর) রাতের বিমানে দীনেশ ত্রিবেদী ঢাকা থেকে দিল্লিতে এসে পৌঁছান। তবে তার এই সফর নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। স্বাধীনতা-উত্তর বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে দীনেশ ত্রিবেদী হলেন প্রথম ভারতীয় রাষ্ট্রদূত, যাকে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ করা হয়েছে এবং তার নিয়োগ চূড়ান্ত করেছে প্রধানমন্ত্রীর অফিস। ফলে দিল্লিতে এলে তিনি সচরাচর প্রধানমন্ত্রী মোদীর সঙ্গেই সরাসরি দেখা করেন।











