ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) অনলাইন ট্রাভেল এজেন্ট বুকিং ডটকমের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। ভুয়া তালিকা তৈরি ও ফিশিং প্রতারণা ঠেকাতে ব্যর্থতার অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ইইউয়ের আশঙ্কা, বুকিং ডটকম প্রতারণা ও নিবন্ধনহীন আবাসনের নেতিবাচক প্রভাবকে যথাযথ গুরুত্ব দিচ্ছে না এবং ব্যবহারকারীদের তথ্য সুরক্ষায় যথেষ্ট পদক্ষেপ নেয়নি।
ডিজিটাল সার্ভিসেস অ্যাক্টের (ডিএসএ) আওতায় এটিই প্রথম তদন্ত। ইইউয়ের প্রযুক্তিবিষয়ক প্রধান হেনা ভিরকুনেন বলেছেন, ছুটি কাটানোর সময় প্রতারণার শঙ্কার মতো বিষয় থাকা উচিত নয়। বুকিং ডটকম নেদারল্যান্ডসভিত্তিক একটি প্রতিষ্ঠান এবং তারা নিয়ম ভঙ্গ করেছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।













