যুক্তরাষ্ট্রের আরোপিত বেসামরিক বিমান চলাচল খাতের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে জাতিসংঘে অভিযোগ করেছে ইরান। দেশটির সরকারি বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থায় (আইসিএও) আনুষ্ঠানিকভাবে প্রতিবাদলিপি জমা দেওয়া হয়েছে। এই নিষেধাজ্ঞা অবৈধ উল্লেখ করে ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রধান আবুজার শিরউদি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে আন্তর্জাতিক বিচার আদালতেও অভিযোগ দায়ের করা হয়েছে।
গত বুধবার নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর কয়েকটি বড় এয়ারলাইন্সের আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। তবে ইরান এখনো আফগানিস্তান, পাকিস্তান, চীন, রাশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ডসহ ৩০টি আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে। সংযুক্ত আরব আমিরাতে ফ্লাইট স্থগিত থাকলেও অন্যান্য গন্তব্যে নিয়মিত চলাচল অব্যাহত রয়েছে।




