পিএইচপি প্রোগ্রামিং ভাষায় দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ায় বিশ্বজুড়ে অসংখ্য ওয়েবসাইট বন্ধ রাখা হচ্ছে। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, এই ত্রুটিগুলো কাজে লাগিয়ে হ্যাকাররা সিস্টেমে প্রবেশ করে ক্ষতিকর কোড চালাতে পারে। জরুরি ভিত্তিতে ত্রুটি সংশোধনের জন্য নিরাপত্তা আপডেট প্রকাশ করা হয়েছে, তবে তা সম্পন্ন না হওয়া পর্যন্ত ওয়েবসাইট বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
ফিনল্যান্ড সরকার, এডিনবরা সিটি কাউন্সিল এবং বিবিসির কয়েকটি ওয়েবপেজসহ অনেক ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় শনাক্ত হওয়া এই ত্রুটিগুলো সাইবার নিরাপত্তার ক্ষেত্রে বড় ঝুঁকি তৈরি করছে। যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ডসের জাতীয় নিরাপত্তা সংস্থাগুলোও একই ধরনের সতর্কবার্তা দিয়েছে এবং প্রয়োজনে সিস্টেম অফলাইনে নেওয়ার পরামর্শ দিয়েছে।










