চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) নগরীর যানজট নিরসন ও পার্কিং ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে অভিযান চালিয়ে আল হিদায়াহ ইন্টারন্যাশনাল স্কুলকে ৪৫ লাখ এবং উৎসব সুপার মার্কেটকে ৫ লাখ টাকা জরিমানা করেছে। বৃহস্পতিবার দুপুরে পরিচালিত অভিযানে এই দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ আনা হয়। একই সঙ্গে ফ্রোবেল প্লে স্কুল কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে।
সিডিএ জানায়, পূর্বে সতর্ক করার পরও প্রতিষ্ঠান দুটি নির্দিষ্ট সময়ের মধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি দেখাতে ব্যর্থ হওয়ায় এই জরিমানা করা হয়। আল হিদায়াহ ইন্টারন্যাশনাল স্কুলের ক্ষেত্রে প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে ২০ লাখ এবং ভবন মালিককে ২৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সিডিএর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন, নগরীর যানজট কমাতে এবং নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।




