নেপালের অর্থমন্ত্রী স্বর্ণিম ওয়াগলে বলেছেন, ভারতবিরোধিতাকে নেপালি জাতীয়তাবাদের পরিচয় হিসেবে দেখানোর পুরনো রাজনৈতিক ধারা শেষ হয়ে গেছে। তিনি ভারত-নেপাল সম্পর্ককে নতুন বাস্তবতায় নতুন করে সাজানোর ওপর জোর দিয়েছেন। সম্প্রতি ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালের পুনর্গঠন নিয়ে আলোচনার জন্য নয়াদিল্লি সফরকালে তিনি এ কথা বলেন। ওয়াগলে জানান, বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে পুনর্গঠনে প্রায় ৪৭০ কোটি থেকে ৫০০ কোটি মার্কিন ডলার প্রয়োজন হতে পারে।
তিনি আরও বলেন, নতুন সরকার ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে 'নতুন সূচনা' করতে চায় এবং পুরনো বাণিজ্য চুক্তি ও যোগাযোগ প্রকল্পগুলো নতুন করে পর্যালোচনা করা হবে। নেপাল-ভারত সম্পর্ককে পুরনো রাজনৈতিক বিরোধের দৃষ্টিতে না দেখে অর্থনৈতিক সুযোগ, যোগাযোগ, জ্বালানি ও বাণিজ্য সম্প্রসারণের দিকে বেশি গুরুত্ব দিতে চায় কাঠমান্ডু। সীমান্ত বিরোধের মতো স্পর্শকাতর বিষয়গুলোও গঠনমূলক কূটনৈতিক আলোচনার মাধ্যমে এগোনোর কথা বলেছেন তিনি।




