রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র রমজান কাদিরভ পঞ্চমবারের মতো চেচনিয়ার নেতা নির্বাচিত হয়েছেন। রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, প্রধানত মুসলিম অধ্যুষিত এই অঞ্চলে তিনি ৯৯.৮৫ শতাংশ ভোট পেয়েছেন। রোববার রাশিয়ায় জাতীয় পার্লামেন্টের পাশাপাশি বিভিন্ন অঞ্চলের আইনসভা ও গভর্নর নির্বাচন অনুষ্ঠিত হয়। ইউক্রেন যুদ্ধ শুরুর সাড়ে চার বছরের বেশি সময় পর দেশটির কঠোর নিয়ন্ত্রিত রাজনৈতিক ব্যবস্থার জন্য এসব নির্বাচনকে গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে।
নির্বাচনের ফলাফলে দেখা গেছে, ক্রেমলিন-সমর্থিত দল ও প্রার্থীরাই অধিকাংশ আসনে জয় পেয়েছেন। কাদিরভ পুতিনের কাছ থেকে চেচনিয়া পরিচালনায় ব্যাপক স্বাধীনতা ভোগ করেন এবং এর বিনিময়ে অঞ্চলটিতে স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মানবাধিকার সংগঠনগুলো কাদিরভ সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ করলেও তিনি তা অস্বীকার করে আসছেন।






