জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আসা ইরানি কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে বিলাসী পণ্য কিনতে পারবেন না। এছাড়া তারা পাইকারি পণ্য বিক্রির ক্লাবের সদস্যও হতে পারবেন না বলে নিষেধাজ্ঞা জারি করেছে ট্রাম্প প্রশাসন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সাধারণ ইরানিরা যখন দমনপীড়ন, পানি ও বিদ্যুতের সংকট এবং উচ্চ মূল্যস্ফীতির মতো সমস্যায় ভুগছেন, তখন ইরানি সরকারের কর্মকর্তারা নিউইয়র্কে কেনাকাটায় ব্যস্ত হতে চান। তবে যুক্তরাষ্ট্র তা হতে দেবে না। এই নিষেধাজ্ঞার ফলে দুই দেশের চলমান রাজনৈতিক ও কূটনৈতিক উত্তেজনা আরও স্পষ্ট হয়েছে।






