জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ফিলিস্তিনিদের ওপর নজিরবিহীন হত্যাকাণ্ডের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক করেছেন। তিনি বলেছেন, গাজার ভয়াবহ পরিস্থিতি থেকে দৃষ্টি সরানো উচিত নয়। ইউক্রেন যুদ্ধ, কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশ এবং বিশ্বে ক্ষমতার পরিবর্তনশীল কাঠামো নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন। গুতেরেস বলেন, ৭ অক্টোবরের পর গাজায় ইসরাইলের অভিযানে ফিলিস্তিনিদের ওপর যে মাত্রায় হত্যাকাণ্ড হয়েছে, তা তার দেখা অন্য যেকোনো পরিস্থিতির চেয়ে ভিন্ন।
তিনি আরও বলেন, শুধু সামরিক বা অর্থনৈতিক শক্তি দিয়ে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়, শক্তিকে আইনের অধীনে পরিচালিত করতে হবে। গুতেরেস জানান, বিশ্বে ক্ষমতার বিন্যাস তিনটি উপায়ে পরিবর্তিত হচ্ছে: নতুন প্রভাবকেন্দ্র তৈরি, বেসরকারি করপোরেশন ও ব্যক্তির হাতে ক্ষমতা যাওয়া এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো প্রযুক্তির মাধ্যমে যন্ত্রের কাছে ক্ষমতা হস্তান্তর। এই পরিবর্তনের সঙ্গে বিশ্বব্যাপী প্রতিষ্ঠানগুলো এখনও প্রস্তুত নয় বলে তিনি মন্তব্য করেন।






