নবম জাতীয় পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বৈশাখী ভাতা ৫ শতাংশ কমানো হয়েছে। বর্তমানে বাংলা নববর্ষ উপলক্ষে চাকরিজীবীরা মূল বেতনের ২০ শতাংশ হারে বৈশাখী ভাতা পেয়ে থাকেন। নতুন বেতনকাঠামোয় ২০২৬ সাল থেকে এই হার কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, সকল কর্মচারী আহরিত মূল বেতনের ১৫ শতাংশ হারে বাংলা নববর্ষ ভাতা প্রাপ্য হবেন। মাসিক নিট পেনশন গ্রহণকারী অবসরভোগী ও আজীবন পেনশন গ্রহণকারী অবসরভোগীরাও এই ভাতা প্রাপ্য হবেন।
নতুন বেতনকাঠামোয় ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা বাড়তি মূল বেতনের ৪০ শতাংশ এবং ১০–২০তম গ্রেডের কর্মকর্তা–কর্মচারীরা ৫০ শতাংশ হারে পাবেন। ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে এই হার যথাক্রমে ৭০ শতাংশ এবং ৭৫ শতাংশ হবে। ২০২৭ সালের ১ জুলাই থেকে বেতন বৃদ্ধির শতভাগ কার্যকর হবে এবং ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে নতুন বেতনকাঠামোর অন্য সব ভাতা পাওয়া শুরু করবেন সরকারি কর্মকর্তা–কর্মচারীরা।








