দুর্গাপূজা ও দশেরা মিটতেই দিল্লিতে ‘জ্ঞানেশ হটাও, গণতন্ত্র বাঁচাও’ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। ‘পিপল এগেইনস্ট এসআইআর’ ব্যানারে আগামীকাল শুক্রবার এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে। পুলিশের কাছে কোনো অনুমতি চাওয়া হয়নি। কনট প্লেসের কাছে বাংলা সাহেব গুরুদ্বারের সামনে বিক্ষোভকারীরা জড়ো হবেন এবং সেখান থেকে শান্তিপূর্ণভাবে মিছিল করে নির্বাচন কমিশনের সামনে যাবেন।
আয়োজকেরা জানিয়েছেন, পুলিশ পথ রোধ করলে তাঁরা সংঘাতের পথে যাবেন না, বরং সেখানে ‘জনতার সংসদ’ তৈরি করে জাতীয় সংগীত গেয়ে ফিরে যাবেন। এই আন্দোলনের স্লোগান হলো, ‘প্রতিটি গলি যন্তর মন্তর’। দেশের সর্বত্র এই আন্দোলন ছড়িয়ে দেওয়ার কথা জানানো হয়েছে।






