মডেল ও অভিনেত্রী মেঘনা আলম জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলমের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে সেটি বাস্তব নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি, তা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি ছবির সঙ্গে ‘মতলব কী?’ ক্যাপশন জুড়ে দেন। ছবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের নামফলকের সামনে সারজিস আলমের হাতে প্রভোস্ট অ্যাওয়ার্ডের ক্রেস্ট দেখা যায়। ছবির পেছনে থাকা নামফলকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামও রয়েছে।
মেঘনা আলম কেন এই প্রশ্ন তুলেছেন, তার স্পষ্ট ব্যাখ্যা দেননি। তবে তার পোস্টের মন্তব্যের ঘরে সারজিসের অতীত ছাত্ররাজনীতি এবং শেখ হাসিনার রাজনীতির প্রতি তার অবস্থান নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য দেখা গেছে। সারজিস আলম ২০২৪ সালের গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন।






