বিরোধী জোট ‘ইন্ডিয়া’ দিল্লির কেন্দ্র সরকার ও পুলিশের উপর চাপ সৃষ্টি করে চলেছে। প্রথম দিনে নির্বাচন কমিশনে অভিযান ও আকাশবাণী ভবনে অবস্থান, দ্বিতীয় দিন যন্তর মন্তরে নেতাদের গ্রেপ্তার এবং তৃতীয় দিনেও কনট প্লেসে মধ্যাহ্নভোজ শেষে রাজঘাটে অবস্থান নেয় জোট। তিন দিনেই নেতৃত্ব দেন রাহুল গান্ধী। অন্যদিকে, ‘জ্ঞানেশ হটাও’ আন্দোলনকে তীব্রতর করেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। তারা বেঙ্গালুরুতে এক জনসমাবেশের আয়োজন করেছে, যেখানে ইউটিউবার ধ্রুব রাঠি ও অভিনেতা প্রকাশ রাজ যোগ দেন।
বৃহস্পতিবারের আন্দোলনে পুলিশের বাধা তুলনামূলকভাবে কম ছিল। মধ্যাহ্নভোজ শেষে রাহুল গান্ধী জানান, প্রায় ৩০০ সদস্য শান্তিপূর্ণ বিক্ষোভ করতে চেয়েছিলেন কিন্তু তাদের বাধা দেওয়া হয়েছে। তিনি সরকারের এই আচরণের বিচার হবে বলে অঙ্গীকার করেন। এরপর ইন্ডিয়া জোটের নেতারা তিনটি বাসে করে রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিস্থলে অবস্থান করতে যান।






