জাতিসংঘের সাধারণ পরিষদে ইরানের রাষ্ট্রপ্রধানের দেওয়া একটি বক্তব্যের সঙ্গে দক্ষিণী ব্লকবাস্টার সিনেমা 'বাহুবলী'-র মিল খুঁজে পেয়েছে হায়দরাবাদে অবস্থিত ইরানের কনস্যুলেট। আন্তর্জাতিক ভূরাজনীতিতে ভারতীয় সিনেমার এমন অভিনব ব্যবহার এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।
জাতিসংঘে দেওয়া ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের বক্তব্য তুলে ধরতে এস এস রাজামৌলির ২০১৫ সালের জনপ্রিয় সিনেমা 'বাহুবলী: দ্য বিগিনিং'-এর একটি ক্লিপ ব্যবহার করেছে ইরানি দূতাবাস। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রকাশিত ওই ভিডিওতে দেখা যায়, চরম প্রতিকূলতার মুখেও প্রধান চরিত্রের মাথা নত না করার দৃশ্য। এই ক্লিপটির মাধ্যমেই মূলত চাপের মুখেও ইরানের পিছু না হটার অবস্থানকে ফুটিয়ে তোলা হয়েছে।





