মঙ্গলবার দুপুরে ঢাকা ও চট্টগ্রামের একাংশসহ দেশের বিভিন্ন অঞ্চলে হঠাৎ বিদ্যুৎ বিপর্যয় দেখা দেয়। এটি লোডশেডিং ছিল না, বরং জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণে প্রায় দুই ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। প্রাথমিকভাবে মেঘনা ঘাট-হরিপুর সঞ্চালন লাইনে এই বিপর্যয়ের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।
পাওয়ার গ্রিড পিএলসির কর্মকর্তারা জানিয়েছেন, গ্রিড বিপর্যয়ের কারণ জানতে কয়েক দিন সময় লাগতে পারে। তবে হাইভোল্টেজ গ্রিড লাইনের নিচে কয়েকটি আকাশমণি গাছের ডালপালা ‘ফ্লাশ ওভার’ হয়ে শর্টসার্কিট ঘটাতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। এতে একটি সার্কিট বন্ধ হয়ে গেলে পাশের সার্কিটেও অতিরিক্ত চাপ পড়ে সেটিও বন্ধ হয়ে যায়, যা বিদ্যুৎ বিপর্যয়ের কারণ হতে পারে।




