কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে শিশুরা বাল্যবিয়ে রোধসহ বিভিন্ন সুরক্ষার বার্তা ছড়িয়ে পরিবর্তনের অগ্রদূত হয়ে উঠছে। ১২ বছর বয়সী সালেমা (ছদ্মনাম) তার নিজের বাল্যবিয়ে বন্ধে সহপাঠী ও শিক্ষিকাদের সহায়তা নিয়েছিল। এখন সে অন্য কিশোরীদের বাল্যবিয়ে এড়াতে এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে নিজেকে রক্ষা করতে প্রয়োজনীয় তথ্য দিচ্ছে।
সালেমার মতো অনেক শিশুই এখন ক্যাম্পগুলোতে ইতিবাচক পরিবর্তনের দূত। তারা নিজেদের শেখা জ্ঞান বন্ধু, ভাই-বোন ও প্রতিবেশীদের মাঝে ছড়িয়ে দিচ্ছে। কেউ পড়াশোনায় ফিরিয়ে আনছে সহপাঠীদের, কেউ শেখাচ্ছে পরিচ্ছন্নতার নিয়ম, আবার কেউ দিচ্ছে নিরাপত্তার পাঠ। এই শিশুরা নিজেদের ক্ষুদ্র অভিজ্ঞতার আলোয় অন্যের জীবনে সুদূরপ্রসারী পরিবর্তন আনছে।







