অভিনেত্রী শ্রদ্ধা কাপুরকে এবার দেখা যাবে মহারাষ্ট্রের কিংবদন্তি তামাশা ও লাবণী শিল্পী বিঠাবাই ভাউ মাংনারায়ণগাঁওকরের চরিত্রে। লক্ষ্মণ উতেকার পরিচালিত 'ইঠা' সিনেমার ট্রেলারে শ্রদ্ধার এই নতুন রূপ উন্মোচিত হয়েছে। ট্রেলারটি বিঠাবাইয়ের মঞ্চ জীবনের সাফল্য এবং ব্যক্তিগত জীবনের টানাপোড়েন ও প্রতিকূলতার চিত্র তুলে ধরেছে।
বিঠাবাইয়ের জীবনের বিশ্বাসভঙ্গ, সম্পর্কের জটিলতা এবং শিল্পীসত্তার লড়াইকে কেন্দ্র করে নির্মিত হয়েছে সিনেমাটি। ১৯৩৫ সালে জন্ম নেওয়া এই শিল্পী তামাশা ও লাবণী নৃত্যে বিশেষ অবদান রেখেছেন। মঞ্চে পরিবেশনার সময়ই প্রসববেদনা এবং স্বামীর নির্যাতন সত্ত্বেও তিনি শিল্পচর্চা চালিয়ে গেছেন। জীবনের শেষদিকে আর্থিক সংকটেও পড়েছিলেন এই কিংবদন্তি শিল্পী।



