কক্সবাজারের সুগন্ধা পয়েন্ট-সংলগ্ন তারকা হোটেল দ্য সি প্রিন্সেসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার বিকেলে হোটেলটির নিচতলার পার্কিং এলাকায় আগুন লাগে। এ সময় হোটেলের শতাধিক কক্ষে প্রায় ৩০০ পর্যটক অবস্থান করছিলেন। আগুন লাগার পর তাঁরা দ্রুত হোটেল থেকে বেরিয়ে পাশের সৈকতে আশ্রয় নেন। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বিকেল চারটার দিকে পার্কিং এলাকার জেনারেটর থেকে আগুনের সূত্রপাত হয়। এতে জেনারেটরসহ পার্কিং এলাকার কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।








