ইন্দোনেশিয়ার সুমাত্রা ও কালিমান্তান দ্বীপে ভয়াবহ দাবানল এবং কৃষিজমি পরিষ্কারের জন্য বন পোড়ানোর ফলে সৃষ্ট বিষাক্ত ধোঁয়ায় মালয়েশিয়ার বিভিন্ন এলাকা আচ্ছন্ন হয়ে পড়েছে। এই ধোঁয়াশার প্রভাব কমাতে এবং জনজীবনে স্বস্তি ফেরাতে মালয়েশিয়া সরকার কৃত্রিম বৃষ্টি নামানোর উদ্যোগ নিয়েছে। আজ শনিবার ও আগামীকাল রোববার ক্লাউড সিডিং কার্যক্রম পরিচালনা করা হবে।
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা, মালয়েশীয় আবহাওয়া বিভাগ, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং রয়্যাল মালয়েশিয়ান এয়ার ফোর্স যৌথভাবে এই কার্যক্রম পরিচালনা করছে। পরিবেশ অধিদপ্তরের তথ্যের ভিত্তিতে ক্ষতিগ্রস্ত এলাকায় পিএম২.৫-এর মাত্রা ১৫০-এর ওপরে থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্লাউড সিডিংয়ের সফলতা আবহাওয়ার পরিস্থিতি এবং উপযুক্ত মেঘের উপস্থিতির ওপর নির্ভর করবে।




