ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কাজা কালাস দাবি করেছেন, রাশিয়া ইউরোপে নাশকতামূলক কর্মকাণ্ড ও গণতান্ত্রিক ব্যবস্থার ওপর হামলা আরও বাড়াতে পারে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তিনি বলেন, ইউরোপীয় সমাজে বিভেদ সৃষ্টি এবং ইউক্রেনকে সহায়তা থেকে বিরত রাখতে মস্কো এই পরিকল্পনা করছে।
সোমবার ব্রাসেলসে ইইউ প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকের আগে কালাস বলেন, এই হুমকির বিরুদ্ধে প্রতিরোধ গড়তে ইউরোপকে প্রস্তুত থাকতে হবে এবং তা বাস্তবে রূপ নেওয়ার আগেই ব্যবস্থা নিতে হবে। বৈঠকে হাইব্রিড হামলার বিরুদ্ধে জোটের প্রতিক্রিয়া এবং জরুরি প্রটোকল চালুর প্রস্তাব নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।





