আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাজিবুল্লাহ, যিনি একসময় সোভিয়েত-সমর্থিত সরকারের প্রভাবশালী নেতা ছিলেন, তার জীবনের শেষ চার বছর জাতিসংঘের একটি কম্পাউন্ডে কাটিয়েছেন। ১৯৯৬ সালের ২৭ সেপ্টেম্বর তালেবান কাবুল দখলের পর তাকে ও তার ভাইকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয় এবং কয়েক ঘণ্টা পর তাদের ক্ষতবিক্ষত মরদেহ কাবুলের কেন্দ্রস্থলে ল্যাম্পপোস্টে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
নাজিবুল্লাহর এই পরিণতি ছিল আফগানিস্তানের দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধের এক নির্মম প্রতীক। তিনি একসময় দেশটির কুখ্যাত গোয়েন্দা সংস্থার প্রধান ছিলেন এবং সোভিয়েত সেনা প্রত্যাহারের পরও কয়েক বছর শক্ত হাতে ক্ষমতা ধরে রাখেন। ১৯৯২ সালে মুজাহিদিনদের তীব্র লড়াইয়ের মুখে তার সরকারের পতন ঘটে এবং এরপর তিনি দেশ ছাড়ার চেষ্টা করেও ব্যর্থ হন।






