জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ এবং চীনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের মাধ্যমে বিশ্বমঞ্চে নিজের অবস্থান জানান দিতে চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু বিশ্লেষকদের মতে, তাঁর এই কূটনৈতিক তৎপরতা দেশ-বিদেশে তাঁর সামনে থাকা সমস্যাগুলো কাটিয়ে উঠতে খুব একটা কাজে আসেনি।
ইরান যুদ্ধ, জ্বালানির দাম বৃদ্ধি, মিত্রদের সঙ্গে সম্পর্কের অবনতি এবং চীনের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে প্রতিযোগিতা ট্রাম্পের সামনে থাকা বড় চ্যালেঞ্জ। মধ্যপ্রাচ্য সংকট থেকে ইউক্রেন যুদ্ধ পর্যন্ত নানা বিষয়ে বিশ্বনেতাদের বাধার মুখে তাঁর পররাষ্ট্রনীতি থমকে গেছে বলে ধারণা তৈরি হয়েছে। নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন তাঁর রাজনৈতিক পরিসর আরও সংকুচিত করতে পারে।






