বলিউড অভিনেতা সালমান খানের আসন্ন সিনেমা 'মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস' (পূর্বের নাম 'ব্যাটল অব গালওয়ান') নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে। ইউটিউবার ধ্রুব রাঠির দাবি, ভারত-চীন সম্পর্কের প্রেক্ষাপটে সিনেমাটির বিষয়বস্তু পরিবর্তন করা হয়েছে এবং চীনকে ইতিবাচকভাবে উপস্থাপনের জন্য নির্মাতাদের ওপর চাপ সৃষ্টি করা হয়েছিল।
রাঠির অভিযোগ, চীনের সমালোচনামূলক বিষয়বস্তুর কারণে সরকার সিনেমাটি আগের অবস্থায় মুক্তি দিতে দেয়নি। সিনেমাটির বড় অংশের শুটিং পুনরায় করা হয়েছে এবং চীনকে ইতিবাচকভাবে দেখানোর নির্দেশ দেওয়া হয়েছিল। তবে এই অভিযোগগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা হয়নি। ২০২০ সালের গালওয়ান উপত্যকার সংঘর্ষের ঘটনা অবলম্বনে নির্মিত এই সিনেমায় সালমান খান কর্নেল বিক্কুমাল্লা সন্তোষ বাবুর চরিত্রে অভিনয় করছেন।



