সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে প্রাথমিকভাবে নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ প্রার্থীর নিয়োগ ও পদায়নের সময়সূচি চূড়ান্ত করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্র জারি করতে বলা হয়েছে। এরপর ১ অক্টোবর সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান এবং ৪ অক্টোবর পদায়নের আদেশ জারি করা হবে।
মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, নিয়োগপত্র জারির আগে প্রার্থীদের বয়স, শিক্ষাগত যোগ্যতা, জাতীয়তা, স্বাস্থ্যগত উপযুক্ততার সনদ এবং ডোপ টেস্টের রিপোর্ট পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করতে হবে। পুলিশ ভেরিফিকেশন ও এনএসআইয়ের গোয়েন্দা প্রতিবেদনে কোনো প্রার্থীর বিরুদ্ধে বিরূপ মন্তব্য পাওয়া গেলে তার নিয়োগ আদেশ জারি করা যাবে না।



