২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির চূড়ান্ত ফল প্রকাশের পর রবিবার (২০ সেপ্টেম্বর) থেকে কলেজে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। শনিবার রাতে প্রকাশিত ফলে শিক্ষার্থীরা কোন কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন তা জানতে পারেন। নির্বাচিত শিক্ষার্থীরা আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে নির্ধারিত কলেজে সশরীরে উপস্থিত হয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। ভর্তির ফল একাদশ শ্রেণিতে ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইট xiclassadmission.gov.bd -এ পাওয়া যাচ্ছে এবং নিবন্ধিত মোবাইল নম্বরেও পাঠানো হয়েছে।
এর আগে প্রথম ধাপে ৯ লাখ ৯৫ হাজার ২৩৪ জন আবেদনকারীর মধ্যে ৯ লাখ ৮০ হাজার ৮১৫ জন কলেজে ভর্তির জন্য মনোনয়ন পান। তবে ১৪ হাজার ৪১৫ জন শিক্ষার্থী অনলাইনে আবেদন করেও ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হন, যাদের মধ্যে ২ হাজার ২০৫ জন জিপিএ ৫ প্রাপ্ত। দেশের ১১টি অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী আবেদন করেননি।





