জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগের জন্য প্রকাশিত ১৩টি পদের বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। ২৫ আগস্ট প্রকাশিত এই বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে এক রিটের প্রাথমিক শুনানি শেষে মঙ্গলবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি শেখ তাহসিন আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
বিজ্ঞপ্তিতে স্নাতক ও স্নাতকোত্তর ফলাফলের চেয়ে এসএসসি ও এইচএসসি ফলাফলকে বেশি গুরুত্ব দেওয়ায় অনেক যোগ্য প্রার্থী আবেদন থেকে বঞ্চিত হয়েছেন বলে রিট আবেদনে উল্লেখ করা হয়। ইউজিসির নীতিমালার সঙ্গে এটি সামঞ্জস্যপূর্ণ নয় বলেও যুক্তি দেখানো হয়। রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নিয়োগ বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত থাকবে। রাষ্ট্রপক্ষ এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে যাওয়ার কথা জানিয়েছে।



