কানাডায় পড়াশোনার জন্য স্টাডি পারমিট আবেদনকারীদের আর্থিক সক্ষমতা দেখানোর নিয়মে নতুন অর্থের পরিমাণ কার্যকর হয়েছে। ১ সেপ্টেম্বর ২০২৬ থেকে কুইবেক ছাড়া কানাডার সব প্রদেশ ও অঞ্চলে একজন শিক্ষার্থীর এক বছরের জীবনযাত্রার খরচ হিসেবে কমপক্ষে ২৩ হাজার ৪৪৮ কানাডিয়ান ডলার (প্রায় ২০ লাখ ৫৭ হাজার ৯৫৪ টাকা) দেখাতে হবে। এই অর্থের মধ্যে টিউশন ফি ও যাতায়াতের খরচ অন্তর্ভুক্ত নয়।
পরিবারের সদস্যসহ আবেদন করলে প্রয়োজনীয় অর্থের পরিমাণ বাড়বে। শিক্ষার্থীর নিজের ব্যাংক অ্যাকাউন্টে পুরো অর্থ থাকতে হবে এমন বাধ্যবাধকতা নেই, তবে অর্থের উৎস ও সহায়তাকারীর সঙ্গে সম্পর্ক, পেশা, আয় এবং সহায়তার পরিমাণ প্রমাণের জন্য প্রয়োজনীয় নথি জমা দিতে হবে।






