সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে অপরিশোধিত তেল আমদানিতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে (বিপিসি) প্রায় ১০০ কোটি টাকা অতিরিক্ত ব্যয় করতে হতে পারে। হুতি হামলার কারণে লোহিত সাগরে জাহাজ চলাচলে অস্থিরতা দেখা দেওয়ায় স্বাভাবিক রুটের পরিবর্তে জাহাজটিকে প্রায় ৯ হাজার নটিক্যাল মাইল বেশি ঘুরতে হচ্ছে। এই বাড়তি ব্যয় মূলত জাহাজ ভাড়ার অংশ।
সরকারি পতাকাবাহী বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) লাইবেরিয়ার পতাকাবাহী 'এমটি এনদ্রেয়স' জাহাজটি চার্টার্ড করেছে। বিকল্প পথে অর্থাৎ দক্ষিণ আফ্রিকার উত্তমাশা অন্তরীপ হয়ে বাংলাদেশে এলে প্রতি টন তেল পরিবহনে প্রিমিয়াম প্রায় ৮১ ডলার বাড়বে, যা মোট ব্যয়ের পরিমাণকে ১০০ কোটি টাকার উপরে নিয়ে যাবে।














