বলিউডে ‘রামায়ণ’ সিনেমাটি নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যেই দক্ষিণী তারকা সাই পল্লবী তার আসন্ন সিনেমা ‘ওএম : চ্যাপ্টার ১ : উদিরাম : দ্য ব্লাড উড’-এ এক সিবিআই কর্মকর্তার চরিত্রে নতুন রূপে হাজির হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর) সিনেমাটিতে তার চরিত্রের প্রথম ঝলক প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের প্রশংসায় ভাসছেন এই অভিনেত্রী।
সিনেমায় সাই পল্লবীর চরিত্রের নাম নিত্যা রেড্ডি। প্রকাশিত ঝলকে দেখা যায়, তিনি লাল চন্দনকাঠ পাচারের একটি ঘটনার তদন্ত করছেন। তার বাবা ভারতীয় বন পরিষেবার কর্মকর্তা ছিলেন এবং বন রক্ষা করতে গিয়ে প্রাণ হারান। বাবার স্মৃতি ও বনাঞ্চলের প্রতি দায়বদ্ধতা নিত্যার চরিত্রে ভিন্ন মাত্রা যোগ করেছে। ধানুশের সঙ্গে সাই পল্লবীর পর্দার রসায়ন নিয়েও দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ রয়েছে।



