ভারতের বাজারে বাংলাদেশি পণ্যের রপ্তানি বাড়াতে স্থলবন্দরভিত্তিক বিধিনিষেধ ও অশুল্ক বাধা দূর করার ওপর জোর দিয়েছে বাংলাদেশ। নয়াদিল্লিতে অনুষ্ঠিত বাংলাদেশ-ভারত বাণিজ্য বিষয়ক যৌথ ওয়ার্কিং গ্রুপের ১৬তম সভায় পাটপণ্য ও পিইটি ফিল্মের ওপর আরোপিত অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহার এবং স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের পরও বিদ্যমান শুল্ক সুবিধা অব্যাহত রাখার বিষয়টিও উত্থাপন করা হয়েছে।
সভায় দ্বিপক্ষীয় বাণিজ্যের প্রতিবন্ধকতা নিরসন, স্থলবন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আঞ্চলিক পণ্য পরিবহনব্যবস্থা আরও কার্যকর করার প্রস্তাব দেওয়া হয়। বাংলাদেশের পক্ষ থেকে ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে নেপাল ও ভুটানে পণ্যবাহী ট্রাক চলাচলের সুযোগ বাড়ানো এবং ব্যবসায়ীদের মধ্যে সিইওস ফোরাম কার্যকর করার ওপরও গুরুত্বারোপ করা হয়।














