ভারতের কর্ণাটকের রায়চুর জেলায় এক নারীকে পাথর ছুঁড়ে হত্যার ঘটনায় পুলিশ তার স্বামী ও প্রেমিককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে। নিহত ২৫ বছর বয়সী স্নেহার দেড় বছরের মেয়েকে তার নিথর দেহের পাশে কাঁদতে দেখা গেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সিন্ধানুর উপবিভাগের আরএইচ ক্যাম্প-৫ এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে পৌঁছানোর সময়ও স্নেহা শ্বাস নিচ্ছিলেন, তবে পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। প্রাথমিক তদন্তে জানা গেছে, চার বছর আগে অমিতের সঙ্গে স্নেহার বিয়ে হয়েছিল এবং গত চার মাস ধরে শুভম নামের এক ব্যক্তির সঙ্গে তার বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। পুলিশ হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চালাচ্ছে।









