চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ভয়ভীতি দেখানো, ছিনতাই, মারধর ও নারী হেনস্তাসহ বিভিন্ন অভিযোগে দুই শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডি। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাদের আটক করা হয়। পরে অভিযোগকারীদের পক্ষ থেকে পৃথক ছয়টি অভিযোগপত্র বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে জমা দেওয়া হয়। রাত পৌনে ৯ টার দিকে আটক দুই শিক্ষার্থীকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আটক দুই শিক্ষার্থী হলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মো. শিমুল ফকির এবং একই শিক্ষাবর্ষের ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের ফাহিম আহমেদ অপি।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে বিভিন্ন সামাজিক ও ফৌজদারি অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে শিমুল ও ফাহিমের বিরুদ্ধে। বিশ্ববিদ্যালয়ে ঘুরতে আসা দর্শনার্থীদের ভয়ভীতি দেখিয়ে টাকা আদায়, ছিনতাই, মারধর, চুরি ও নারী হেনস্তার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। এ ছাড়া প্রাথমিক তদন্তে আটক শিক্ষার্থীদের ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার তথ্য প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।









