রাজধানীর যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণের ঘটনায় আওয়ামী লীগের বংশাল এলাকার একটি ইউনিটের দপ্তর সম্পাদক রায়হান উদ্দিনসহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, বিদেশে থাকা আওয়ামী লীগ নেতাদের নির্দেশনায় রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটানো হচ্ছে।
রোববার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবির ওয়ারী বিভাগের উপকমিশনার মোল্লা মো. শাহীন এ তথ্য জানান। গ্রেপ্তারকৃতদের মধ্যে রায়হান উদ্দিন বংশাল এলাকার ৬ নম্বর ইউনিট আওয়ামী লীগের দপ্তর সম্পাদক। তার দেওয়া তথ্যের ভিত্তিতে অন্য তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।








