সংগীতশিল্পী বালাম ও কোনাল নতুন গান ‘নির্ঘুম রাত জানে’ নিয়ে শ্রোতাদের সামনে আসছেন। গানটির কথা লিখেছেন আসিফ ইকবাল এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন। ঢাকার মগবাজারের ভেলোসিটি স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।
ভালোবাসার গভীর অনুভূতি নিয়ে গানটি তৈরি হয়েছে, যা মুখে প্রকাশ না পেলেও আচরণে ধরা পড়ে। এর আগে ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’ সিনেমার গানে বালাম-কোনাল জুটি শ্রোতাদের মন জয় করেছেন। নতুন গানটিও দর্শক-শ্রোতাদের ভালো লাগবে বলে আশা করছেন তারা।







