অভিনেত্রী অঞ্জলি আনন্দ বলিউডে নিজের জায়গা করে নিতে কঠিন সংগ্রামের সম্মুখীন হয়েছেন। একসময় অভিনয়ের সুযোগ না পেয়ে এবং সঞ্চয় ফুরিয়ে যাওয়ায় ভারত ছাড়ার কথাও ভেবেছিলেন তিনি। তবে করণ জোহরের 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবিতে রণবীর সিংয়ের বোনের চরিত্রে অভিনয় করে পরিচিতি পান এবং কাজের নতুন দুয়ার খোলে।
সম্প্রতি এক ইউটিউব অনুষ্ঠানে অঞ্জলি তাঁর জীবনের এই কঠিন সময়ের কথা তুলে ধরেন। তিনি জানান, ২০২০ সালের লকডাউনের সময় কাজের অভাবে তাঁর ছয় মাসের সঞ্চয় শেষ হয়ে গিয়েছিল। এ সময় ওজন কমানো নিয়ে কাস্টিং পরিচালকদের কাছ থেকে বারবার শুনতে হয়েছে, যা তাঁর ক্যারিয়ারের শুরুতে বড় বাধা ছিল। অবশেষে এই ছবি তাঁর ক্যারিয়ারে নতুন মোড় এনে দেয়।






