বাংলাদেশে প্রেক্ষাগৃহে সিনেমা প্রদর্শনের জন্য চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র বাধ্যতামূলক হলেও ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্ট বর্তমানে অনেকটাই স্বাধীন। তবে এবার ওটিটি প্ল্যাটফর্মেও কনটেন্ট মুক্তির ক্ষেত্রে সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র নেওয়ার নিয়ম চালুর পরিকল্পনা করছে সরকার। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব অংশীজনদের সঙ্গে এ বিষয়ে আলোচনা শুরু করেছেন এবং একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের কাজ চলছে।
বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সদস্য ও চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল জানিয়েছেন, প্রেক্ষাগৃহের মতো ওটিটিতেও সেন্সরশিপ থাকা উচিত। তিনি বলেন, ‘প্রেক্ষাগৃহে কোনো সিনেমা সেন্সরবিহীন চালানো যায় না। তাহলে ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্ট সেন্সর হবে না কেন?’ এই উদ্যোগের ফলে সেন্সর ছাড়া কোনো প্ল্যাটফর্মেই সিনেমা চালানো সম্ভব হবে না বলে তিনি আশা প্রকাশ করেন।





