ভারতের বিভিন্ন ছাত্র ও যুব আন্দোলনে নেহা বোরা এক পরিচিত মুখ। নিট প্রশ্নপত্র ফাঁস, সরকারি চাকরির পরীক্ষায় অনিয়ম থেকে শুরু করে ভোটার তালিকার বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) নিয়ে আন্দোলন-সবখানেই তার সক্রিয় উপস্থিতি লক্ষ্য করা গেছে। অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) জাতীয় সভাপতি নেহা সম্প্রতি দিল্লির যন্তর মন্তরে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে চলমান বিক্ষোভে নেতৃত্ব দিচ্ছেন এবং একাধিকবার পুলিশের হাতে আটক হয়েছেন।
চলতি বছরের জুলাইয়ে শুরু হওয়া ছাত্র-যুব আন্দোলনে তিনি টানা ২৩ দিন অনশন করেন। শিক্ষা, সরকারি জবাবদিহি, তরুণদের ভবিষ্যৎ এবং পুলিশের আচরণসহ বিভিন্ন ইস্যুতে তার বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঝাড়খন্ডে চাকরির পরীক্ষায় অনিয়মের বিরুদ্ধে আন্দোলনে তার মুখে কালি ছুড়ে মারা হলেও তিনি দমে যাননি। একের পর এক আন্দোলনে যুক্ত হয়ে নেহা এখন জাতীয় পর্যায়ের আন্দোলনের এক পরিচিত মুখ হয়ে উঠেছেন।













