দুর্নীতির অভিযোগে তুরস্কের রেফারি সংস্থার সভাপতি ফেরহাত গুনদোগদুসহ মোট ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির আইনমন্ত্রী আকিন গুরলেক জানিয়েছেন, এই তদন্তে রেফারিদের শ্রেণিবিভাগ, দায়িত্ব বণ্টন, স্কোরিং ও নিয়োগ প্রক্রিয়ায় হস্তক্ষেপের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ তাদের বাড়ি ও কর্মস্থলে তল্লাশি চালিয়েছে।
এর আগে, ২০২৫ সালের নভেম্বরে দেশটির ফুটবল ফেডারেশন ১৪৯ জন রেফারি ও সহকারী রেফারিকে বরখাস্ত করেছিল। সেসময় তদন্তে দেখা যায়, শত শত পেশাদার ম্যাচ কর্মকর্তার বেটিং অ্যাকাউন্ট ছিল। তবে আইনমন্ত্রী বর্তমান তদন্তের সঙ্গে পূর্বের জুয়া কেলেঙ্কারির কোনো যোগসূত্র দেননি।



