আগামী ১২ নভেম্বর থেকে ঢাকায় তিন দিনব্যাপী টেক্সটাইল ইনোভেশন এক্সপো অনুষ্ঠিত হবে। পূর্বাচলের ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ইনস্টিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টস (আইটিইটি) বাংলাদেশ এবং টেক্সটাইল ইনোভেশন এক্সচেঞ্জ (টিআইই) যৌথভাবে এই প্রদর্শনীর আয়োজন করছে। এতে দেশের বস্ত্র ও তৈরি পোশাক খাতের উদ্ভাবনী সক্ষমতা তুলে ধরা হবে।
প্রদর্শনীতে ৫০টি তৈরি পোশাক, বস্ত্র ও সরঞ্জাম কারখানা এবং ২০০টি প্রযুক্তি ও সমাধান প্রদানকারী প্রতিষ্ঠান অংশ নেবে। এতে বৈশ্বিক ক্রেতা প্রতিষ্ঠান ও ব্র্যান্ডের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন। এবারের আয়োজনে টেক্সটাইল ইনোভেশন অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান করা হবে। বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির প্রদর্শনীটি উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।









