বাংলাদেশি শিক্ষার্থী এস এম আশফাকুর রহমান যুক্তরাষ্ট্রের সাইরাকিউজ বিশ্ববিদ্যালয়ের ম্যাক্সওয়েল স্কুল থেকে মর্যাদাপূর্ণ ম্যাক্সওয়েল ফেলোশিপ নিয়ে পিএইচডি প্রোগ্রামে ভর্তির সুযোগ পেয়েছেন। এই ফেলোশিপের আওতায় বিশ্ববিদ্যালয়টি প্রতিবছর তাঁর জন্য প্রায় ৮০,৪৬০ মার্কিন ডলার (প্রায় ৯৮ লাখ টাকা) ব্যয় করবে, যার মধ্যে টিউশন, ফেলোশিপ, অ্যাসিস্ট্যান্টশিপ উপবৃত্তি এবং স্বাস্থ্যবিমা অন্তর্ভুক্ত। পাঁচ বছর মেয়াদী এই পিএইচডি প্রোগ্রামে বিশ্ববিদ্যালয়টি মোট প্রায় পাঁচ কোটি টাকা ব্যয় করবে।
আশফাকুর রহমান এর আগে মিনেসোটা স্টেট ইউনিভার্সিটি থেকে সমাজতত্ত্ব ও লিডারশিপ বিভাগে দ্বিতীয় মাস্টার্স সম্পন্ন করেন, যেখানে তাঁর থিসিস সেরা গবেষণা হিসেবে পুরস্কৃত হয়েছিল। তিনি প্রবীণদের স্বাস্থ্য, প্রযুক্তি এবং পরিবেশগত সমাজবিজ্ঞান নিয়ে গবেষণা এগিয়ে নিতে চান এবং ভবিষ্যতে বাংলাদেশের বার্ধক্যকালীন স্বাস্থ্যসেবা নিয়ে আন্তর্জাতিক মানের গবেষণায় অবদান রাখার প্রত্যাশা করেন।






