ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির বৃহত্তম মোবাইলসেবা প্রদানকারী প্রতিষ্ঠান কিয়েভস্টারের সদর দপ্তরে হামলা চালিয়েছে রাশিয়া। রবিবার এই হামলার ঘটনা ঘটে। একই দিনে দেশটির বিভিন্ন ডেটা সেন্টার ও যোগাযোগ অবকাঠামোতেও হামলা হয়েছে। কিয়েভস্টার জানিয়েছে, তাদের প্রধান কার্যালয়ে হামলা হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম মোবাইল নেটওয়ার্ক অপারেটর ভোডাফোন ইউক্রেনের একটি ডেটা সেন্টারেও হামলা চালানো হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রবিবার সকালে কিয়েভের একটি ডেটা সেন্টারে দুই দফা হামলায় দুই শিশু ও একজন প্রাপ্তবয়স্ক আহত হয়েছেন। গত এক সপ্তাহে এসব হামলায় প্রায় এক লাখ পরিবারের ইন্টারনেট ও যোগাযোগ সেবা ব্যাহত হয়েছে।


