দেশের প্রায় অর্ধেক পরিবার আয় দিয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছে। নিত্যপণ্যের দাম বৃদ্ধি, কর্মসংস্থান স্থবিরতা এবং মজুরি কমে যাওয়ায় পারিবারিক ব্যয় আয়কে ছাড়িয়ে যাচ্ছে। এই ঘাটতি মেটাতে অনেক পরিবার সঞ্চয় ভাঙার পাশাপাশি ঋণ নিতে বাধ্য হচ্ছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) এক জরিপে এ তথ্য উঠে এসেছে।
জরিপ অনুযায়ী, গত এক বছরে ৪৭.৪২ শতাংশ পরিবার নিত্যপ্রয়োজনীয় ব্যয় মেটাতে ঋণ করেছে। গ্রামীণ এলাকায় এই হার বেশি, যেখানে ৫১.৯১ শতাংশ পরিবার ঋণে জড়িয়েছে। শহরে এ হার ৪০.১৯ শতাংশ এবং সিটি করপোরেশন এলাকায় ৩২.১১ শতাংশ। পরিবারপ্রতি গড় মাসিক আয় ৩৩,৫১৩ টাকা হলেও ব্যয় হচ্ছে ৩৫,৩১১ টাকা, যা মাসে ১,৭৯৮ টাকার ঘাটতি তৈরি করছে।









