আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর নতুন ঋণ কর্মসূচি নিশ্চিত করতে ২০৩০ সালের মধ্যে ধাপে ধাপে ভ্যাট অব্যাহতি প্রত্যাহার করে ১৫ শতাংশ একক ভ্যাটহার চালুর পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য, শিক্ষা, স্বাস্থ্য ও গণপরিবহনের মতো গুরুত্বপূর্ণ খাতকে এ পরিকল্পনার বাইরে রাখার প্রস্তাব দিয়েছে সরকার।
সম্প্রতি ওয়াশিংটনে আইএমএফের কারিগরি কমিটির সঙ্গে বৈঠকে এ সংস্কার পরিকল্পনা তুলে ধরেছে এনবিআরের প্রতিনিধিদল। আগামী নভেম্বরে আইএমএফের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের ঢাকা সফরে রাজস্ব সংস্কারের প্রস্তাব ও বাস্তবায়ন পরিকল্পনা মূল্যায়ন করা হতে পারে। বর্তমানে ৫ শতাধিক পণ্য ও সেবায় ২ থেকে ১০ শতাংশ পর্যন্ত হ্রাসকৃত ভ্যাট অথবা সম্পূর্ণ অব্যাহতি রয়েছে, যা পর্যায়ক্রমে তুলে নেওয়া হলে সংশ্লিষ্ট পণ্য ও সেবার দাম বাড়তে পারে।














