দেশের ভোজ্যতেল উৎপাদন ও পরিশোধনকারী কোম্পানিগুলো বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছে। আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দাম বৃদ্ধি এবং দেশে জ্বালানি ও পরিবহন ভাড়া বাড়ার অজুহাতে তারা এই দাম বৃদ্ধির আবেদন জানিয়েছে। বর্তমানে প্রতি লিটার বোতলজাত সয়াবিনের দাম ২০৪ টাকা থেকে বাড়িয়ে ২১৮ টাকা, ৫ লিটারের বোতলের দাম ১ হাজার টাকা থেকে ১ হাজার ৭০ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ১৮৫ টাকা থেকে ১৯৯ টাকা করার প্রস্তাব করা হয়েছে।
বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বাণিজ্য মন্ত্রণালয় ও ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের কাছে এই প্রস্তাব জমা দিয়েছে। তারা জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় প্রতি লিটার সয়াবিনের উৎপাদন খরচ প্রায় ২৩৩ টাকা পড়ছে। দাম সমন্বয় না করলে আসন্ন রমজানে সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে তারা। তবে মন্ত্রণালয় এখনো এই প্রস্তাবে সম্মতি দেয়নি।









