মধ্যপ্রাচ্যে জ্বালানি তেলবাহী জাহাজে হামলা এবং সৌদি আরবের তেল উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কায় বিশ্ব জ্বালানি বাজারে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে। ইয়েমেনের হুতিদের হামলা সৌদি আরবের শায়বাহ তেলক্ষেত্র পর্যন্ত বিস্তৃত হওয়ায় দেশটির কয়েকটি এলাকায় তেল উৎপাদন বন্ধ রাখতে হতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।
এদিকে ইউরোপে শীতকালীন জ্বালানির চাহিদা বাড়ার সম্ভাবনা এবং সরবরাহ নিয়ে উদ্বেগে এশিয়ার তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম ২০২২ সালের ডিসেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। এশিয়ার এলএনজি বেঞ্চমার্ক জাপান-কোরিয়া মার্কার (জেকেএম) দাম প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিটে (এমএমবিটিইউ) ৩০ ডলারের ওপরে উঠেছে।









