বাংলাদেশ জাতীয় সংসদের পার্লামেন্ট মেডিকেল সেন্টারকে আরও আধুনিক ও মানসম্মত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চিকিৎসাসেবার পরিধি বাড়াতে সেখানে ১০ শয্যাবিশিষ্ট একটি হাসপাতাল নির্মাণের প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে চিকিৎসক, নার্সসহ প্রয়োজনীয় জনবল বৃদ্ধি এবং আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
শনিবার (১০ অক্টোবর) জাতীয় সংসদ সচিবালয় মেডিকেল সেন্টারের সেবার মান উন্নয়ন বিষয়ক এক সভায় এসব সিদ্ধান্ত ও প্রস্তাব নিয়ে আলোচনা হয়। সভায় একটি আধুনিক ফিজিওথেরাপি সেন্টার স্থাপন এবং ইকো, ইসিজি, সিটি স্ক্যান, ওপিজি, আরপিজি ও প্যাথলজি পরীক্ষার যন্ত্রপাতি উন্নত করার প্রস্তাবও করা হয়।



